জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে বাসেই মারা যান জামায়াতে ইসলামীর ঈশ্বরদী শাখার কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস।
এই হৃদয়বিদারক ঘটনার পর মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টায় ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে তার স্মরণে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দোয়া মাহফিলে বক্তৃতার পাশাপাশি তিনি নিহত কর্মীর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এ সময় তিনি আশ্বাস দেন, নিহত মোস্তাফিজুরের পরিবারের দায়িত্ব জামায়াতে ইসলামী নিজ কাঁধে তুলে নেবে।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে মানবিকতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন জামায়াত আমির। এক শিশু ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে চাইলে তিনি ফোনের দিকে না তাকিয়ে শিশুটিকে নিজের বুকে জড়িয়ে ধরেন এবং হাসিমুখে বিদায় জানান। উপস্থিত জনতার চোখে সেই মুহূর্তটি হয়ে ওঠে আবেগময় ও স্মরণীয়।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, মাওলানা ইকবাল হোসেন, অধ্যাপক আলী আজগরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক।
স্থানীয়দের মতে, একজন নেতার মাঝে মানবিকতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার যে প্রতিচ্ছবি তারা দেখেছেন—তা রাজনীতির জগতে এক উজ্জ্বল ব্যতিক্রম।