ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর) ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপিকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, “আওয়ামী লীগ হলো শাহী চোর-চাঁদাবাজ, আর বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পুস্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।”
রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামপন্থী দলগুলোর অবস্থান তুলে ধরতে গিয়ে ফয়জুল করীম বলেন,
“বারবার নৌকা, ধানের শীষ, লাঙল—সবই পরীক্ষা দিয়েছেন। ওরা সবাই ফেল করেছে। এবার একবার হাতপাখাকে পরীক্ষা করে দেখুন। আমরা যদি ফেল করি, আর কোনো দিন পরীক্ষার হলে ঢুকবো না।”
তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কঠোর মনোভাব ব্যক্ত করে বলেন, “বাংলাদেশের আসল সীমান্ত সমস্যা কাঁটাতারে নয়, আদর্শের। ইসলাম যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই দেশও একদিন ভাগিয়ে নেওয়া হবে সিকিমের মতো।
কাশ্মীর-হায়দরাবাদ ছিল স্বাধীন, আজ ভারত দখল করে বসে আছে। ভারত এখন এমন মানচিত্র বের করেছে, যেখানে বাংলাদেশকেও নিজের অংশ দেখিয়েছে। এ জন্য সবাইকে সতর্ক হতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন। আরও বক্তব্য দেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, বিভাগীয় নেতা মুফতি ইহতেশাম বিল্লাহ আজিজ, জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদারসহ অন্য নেতৃবৃন্দ।
ফয়জুল করীমের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়ে পড়েছে।