প্রচলিত রাজনীতির সংঘাত ও দমননীতির বিপরীতে এক ভিন্নধর্মী বক্তব্যে বান্দরবন থেকে শান্তির বার্তা ছড়ালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস। জেলার কেন্দ্রীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কথার সাথে কথার লড়াই হতে পারে, রক্তাক্ত করার লড়াই হতে পারে না।”
শনিবার (১৯ জুলাই) বান্দরবন জেলা এনসিপি আয়োজিত গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন। রাজনৈতিক সহিংসতা ও বিরোধীদলের সভা-মিছিলে হামলার প্রতিবাদ জানিয়ে সারজিস বলেন, “আপনি আমাদের রাজনৈতিক মতের বিরোধিতা করুন, কিন্তু আমাদের অস্তিত্বে আঘাত করবেন না।
কারও বক্তব্য অপছন্দ হলে জবাব দিন যুক্তিতে, বক্তৃতায়, নীতিতে—কিন্তু গুলি চালিয়ে নয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মাটিতে আমরা আর লাশ দেখতে চাই না। আমরা শান্তিপূর্ণ, সমতা ও অধিকারভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই—যেখানে মানুষের মুখ বন্ধ হবে না, বরং খুলে যাবে উন্নয়ন ও ন্যায়ের পথে।”
সারজিসের এই বক্তব্য তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেকে এটিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি ‘সাহসী ও সময়োপযোগী বক্তব্য’ হিসেবে আখ্যা দেন।
তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, “দমন-পীড়নে আন্দোলন থামে না। ইতিহাস বলে, দমিয়ে রাখা আন্দোলনই একদিন প্রবল বিস্ফোরণে ফেটে পড়ে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সারজিসের মতো উদীয়মান তরুণ নেতাদের শান্তিপূর্ণ ও মানবিক দৃষ্টিভঙ্গিই ভবিষ্যতের রাজনীতিকে দায়িত্বশীল ও সহনশীলতার পথে এগিয়ে নিতে পারে।
বান্দরবনবাসীর সামনে দাঁড়িয়ে সারজিস যে বার্তাটি দিয়েছেন, তা শুধু একটি জেলার মানুষের নয়—সারাদেশের শান্তিকামী জনতার হৃদয়ের প্রতিধ্বনি।