কক্সবাজারে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমদকে ‘গডফাদার’ বলে আখ্যায়িত করায় উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি। শনিবার (১৯ জুলাই) কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যের পরপরই জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন।
সমাবেশে বক্তব্য রাখার সময় পাটোয়ারী বলেন, “আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।” তিনি সরাসরি নাম না নিলেও ইঙ্গিত স্পষ্ট ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের দিকে।
এরপরপরই সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রথমে চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে এবং পরবর্তীতে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল বের করে। বিকেল ৪টার পর থেকে শহরে বিএনপির বিক্ষোভ মিছিল চলতে দেখা যায়।
পরে জানা যায়, চকরিয়ায় এনসিপির অন্য একটি সমাবেশেও হামলার ঘটনা ঘটে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করে।
নাসিরউদ্দীন পাটোয়ারী আরও বলেন, “ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে, চাঁদাবাজি করছে। আবার শুনি সে নাকি সংস্কার বোঝে না! কক্সবাজারের জনতা সংস্কারবিরোধী কাউকে মেনে নেবে না। যারা পিআর বোঝে না, রাজপথেই তাদের ঠেকানো হবে ইনশাআল্লাহ।”
বিএনপির কক্সবাজার জেলা নেতারা এই বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও দায়সারা রাজনীতির অংশ বলে অভিহিত করেছেন। অনেকে দাবি করছেন, এই ধরনের মন্তব্য ঐক্যপ্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে এবং মাঠের রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে।
সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন, তবে কক্সবাজারের রাজনীতিতে এ বক্তব্য ঘিরে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে তা বলাই যায়।