নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রত্যাখ্যানকারীদের ‘জাতির সঙ্গে প্রতারণাকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, “যারা উচ্চ কক্ষে পিআর চায় না, তারা গণতন্ত্রের মুখোশ পরে জাতির সঙ্গে চরম প্রতারণা করছে।”
শনিবার (১৯ জুলাই) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, “এই বাংলাদেশে ইসলাম পালন করার মতো ন্যূনতম অধিকারটিও আওয়ামী লীগ জনগণকে দিতে চায়নি। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত না করে তারা মানুষের অধিকার হরণ করছে। আমি স্পষ্টভাবে বলছি—এই দেশে কোনো ধর্মের মানুষ যেন ধর্ম পালন করার কারণে বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করবো।”
তিনি আরও বলেন, “এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করবে, এটি আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা।”
আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষের ওপর যেসব অপরাধ সংগঠিত হয়েছে, তার বিচার না হলে ২০২৪-এর শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আমরা এটা হতে দেব না।”
তিনি আরও যোগ করেন, “এই দেশ যেন আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের জন্ম না দেয়, সেজন্য আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।”
আখতার হোসেনের এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো, বিকল্প রাজনৈতিক শক্তিগুলো এখন আর কেবল প্রতিরোধে নয়, নতুন রাজনৈতিক কাঠামোর দিকেও সুনির্দিষ্টভাবে অগ্রসর হচ্ছে।