বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জামায়াতের এই জাতীয় সমাবেশে বিএনপির কোনো নেতাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে দলীয়ভাবে আমাদের কেউ সেখানে উপস্থিত হয়নি বা অংশ নেয়নি।”
এর আগে দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ আয়োজন।
‘সাত দফা’ দাবিতে আয়োজিত এই সমাবেশকে ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুরের আগেই উদ্যানে কানায় কানায় ভরে যায় জনসমুদ্র। আশপাশের সড়কেও অবস্থান নেয় হাজারো সমর্থক।
তবে জামায়াতের এ বৃহৎ আয়োজন নিয়ে বিএনপি কোনো মন্তব্য করেনি। বরং আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে দলটি।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান থেকে দুই দলের মাঝে রাজনৈতিক দূরত্ব কিংবা সমন্বয়ের অভাব স্পষ্ট হচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে যেখানে বৃহত্তর বিরোধী ঐক্যের আলোচনা চলছে, সেখানে জামায়াতের মতো একটি দলের জাতীয় সমাবেশে বিএনপির অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিচ্ছে।
দর্শকদের অনেকেই মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নিজ অবস্থানে সতর্ক থেকে চলার কৌশল নিচ্ছে, যেখানে জামায়াতের সঙ্গে প্রকাশ্য সংযোগ এড়িয়ে চলছে তারা।