দীর্ঘ বছর পর ঢাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই বহুল প্রত্যাশিত সমাবেশের প্রথম পর্ব।
সমাবেশের সূচনায় মঞ্চে এসে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। আমাদের জাতীয় সমাবেশ ইতোমধ্যে জনসমুদ্রে রূপ নিয়েছে। অনুকূল আবহাওয়ার জন্য আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় এক রহমত।”
তিনি আরও জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান বর্তমানে উপস্থিত না থাকলেও তার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামায়াতের এই শীর্ষ নেতা।
তিনি বলেন, “আমাদের জাতীয় নেতারা আসতে শুরু করেছেন। দুপুর ২টায় তাদের বক্তব্য পর্ব শুরু হবে। আমরা সবাই সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করবো ইনশাআল্লাহ।”
সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ ইতোমধ্যে লাখো মানুষের উপস্থিতিতে ভরে উঠেছে। মঞ্চের সামনের অংশ থেকে শুরু করে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। ঐতিহাসিক এই আয়োজনকে ঘিরে রাজধানীতে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা ও কৌতূহল।