আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সারা দেশ থেকে জনস্রোত নামবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটি হবে গণমানুষের সমাবেশ, যেখানে আমরা ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা তুলে ধরব।”
তিনি বলেন, “সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচনই বর্তমানে বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী। এই পদ্ধতিতে ভোটের প্রতিফলন প্রকৃত প্রতিনিধিত্বের মাধ্যমে নিশ্চিত হয় এবং একটি কোয়ালিটি পার্লামেন্ট গড়ে ওঠে।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার এবং রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির দায়িত্ব পালনের ব্যর্থতাও আমরা এই সমাবেশ থেকে তুলে ধরবো।”
সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানান, “স্টেজের পেছনে থাকবে গ্রিন রুম, মাঠ সমতল করে দেওয়া হবে, থাকবে ত্রিপল ও বসার ব্যবস্থা। সকাল ১০টা থেকে কুরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়।”
এই বিশাল আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ২০টি পয়েন্টে থাকবে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক। সমাবেশে আসা মানুষদের জন্য ১৫টি পার্কিং স্পট, ওয়াসার পানি, ৫০ হাজার বোতল মিনারেল ওয়াটার এবং ১৫টি মেডিকেল বুথের ব্যবস্থা থাকবে।
তবে নারী উপস্থিতি থাকবে না জানিয়ে পরওয়ার বলেন, “মহিলাদের জন্য এখনো অনুকূল পরিবেশ নেই।”
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিশ্লেষকদের মতে, এই সমাবেশ হতে পারে আগামী রাজনীতির নতুন বার্তার সূচনা।