এই ৫৬ হাজার বর্গমাইল জুড়ে আমরা যতবার মরেছি, ততবারই কেউ না কেউ আবু সাঈদ, নাহিদ, সারজিস হয়ে উঠে এসেছে”—এভাবেই প্রত্যয়ী কণ্ঠে নতুন প্রজন্মের বিপ্লবী চেতনার কথা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী শহরের এক নম্বর রেলগেট এলাকার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। তার ভাষায়, “আমাদের মৃত্যুর পরও বিপ্লব থেমে থাকবে না। প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের ভেতরে থেকে আবার জেগে উঠবে নাহিদ, সারজিস, আখতার কিংবা জারা।”
হাসনাত বলেন, “মুজিবের বুকের মাটির ওপরে দাঁড়িয়ে আমরা শ্লোগান দিয়েছি—মুজিববাদ মুর্দাবাদ। তারা ভেবেছিল, পাঁচজন নেতাকে হত্যা করলেই আন্দোলন থেমে যাবে। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, এই দেশ জাগছে। এনসিপির লড়াই থেমে থাকবে না।”
তিনি আরও অভিযোগ করেন, “গতকাল গোপালগঞ্জে আমাদের ওপর হামলার পক্ষে যারা মিডিয়ায় বসে ব্যাখ্যা তৈরি করেছে, তারা আসলে এই ফ্যাসিবাদের কালচারাল উইং। আমরা বুঝে গেছি, শুধু আওয়ামী লীগ নয়, তাদের মিডিয়া উইংকেও প্রতিরোধ করতে হবে।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও বক্তব্য রাখেন মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পূর্বে বিকেল ৫টা ৫ মিনিটে রাজবাড়ী বড়পুল এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে পথসভায় এসে শেষ হয়। উপস্থিত নেতারা জানান, এই পথসভা শুধু একটি সমাবেশ নয়—এটি একটি ঘোষণাপত্র, যে ঘোষণা বলছে: বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আওয়ামী দুঃশাসন শেষ হবেই।