বিএনপিতে কোনো বেইমান নেই, এই দাবি জানিয়ে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, “এ দল ইমানদারদের দল। যারা আদর্শ নিয়ে রাজনীতি করতে চান, তাদের জন্য বিএনপি-ই উপযুক্ত প্ল্যাটফর্ম।”
বুধবার (১৬ জুলাই) বিকেলে ঢাকার দোহার উপজেলার কালেমা চত্বরে উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য পদ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাবিব উন নবী খান সোহেল বলেন, “বিএনপি আজ নানা ষড়যন্ত্রের শিকার হলেও জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো অপশক্তি বিএনপিতে ঢুকে সংগঠনকে দুর্বল করতে না পারে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করে বলেন, “এদের অনেক নেতা কিভাবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে তা জনগণ জানে। অথচ বিএনপি কখনো দেশ ছাড়েনি, বরং জনগণের পাশে থেকেছে।”
উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দোহার উপজেলা বিএনপির সিনিয়র নেতা নুরুল ইসলাম বেপারী, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, এবং ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী প্রমুখ।
নতুন সদস্য সংগ্রহের এই কর্মসূচিকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাঠপর্যায়ে বিএনপি যে এখনও সুসংগঠিত ও সক্রিয়, দোহার উপজেলার এই আয়োজন তারই প্রমাণ।