গোপালগঞ্জে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতাদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। তিনি দাবি করেছেন, বুধবার (১৬ জুলাই) রাতে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ও বোমা ছুড়েছে। তুহিন তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই হামলার বর্ণনা দিয়েছেন।
পোস্টে তুহিন জানান, সন্ত্রাসীরা লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়েছিল, তবে তারা জানতো না যে তিনি নাহিদ ইসলাম ও তার দলের নেতাদের সঙ্গে গাড়িতে ছিলেন। তিনি আরও লেখেন, “সন্ত্রাসীদের টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি, কিন্তু আমি ওদেরকে জোর করে এপিসিতে তুলে দিয়েছিলাম। এজন্য সন্ত্রাসীরা ওই তিনটি গাড়িকে লক্ষ্য করেই গুলি ও বোমা ছুড়ে।”
এ ছাড়া, তুহিন দাবি করেছেন যে হামলার সময় রাস্তায় গাছ ফেলা এবং গান পাউডার ও পেট্রোল ছড়িয়ে দেওয়া হয়েছিল, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে।
তুহিন জানান, তিনি নিজেই নাহিদ ইসলামের গাড়িতে ছিলেন এবং ওই মুহূর্তে একে একে বোমার বিস্ফোরণ ঘটছিল। তিনি বলেন, “বিকট শব্দে একেকটা বোমা পরতেছিল। বোমার আঘাতে এনসিপির ৪ জন মারাত্মক আহত হয়েছেন, এছাড়া একজন নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় তুহিন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এ ধরনের হামলা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।”