গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে ছাত্রলীগের হামলার রক্তাক্ত ঘটনায় উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক প্রতিবাদী পোস্টে তিনি দেশবাসীর প্রতি সরাসরি আহ্বান জানান গোপালগঞ্জকে ‘পতিত ফ্যাসিস্টের কব্জা’ থেকে মুক্ত করার জন্য প্রস্তুত থাকতে।
সাদিক কায়েম তার পোস্টে লেখেন,
“গোপালগঞ্জকে আমরা দিল্লীর কাছে ইজারা দেইনি। আমার সহযোদ্ধাদের উপর ন্যূনতম আঘাত আসলে পুরো বাংলাদেশের জনগণ গোপালগঞ্জকে পতিত ফ্যাসিস্টের কব্জা থেকে স্বাধীন করবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“পুলিশ প্রশাসন, যৌথবাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয়। দেশবাসী প্রস্তুত থাকুন।”

এ বক্তব্য এমন এক সময় সামনে এসেছে যখন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ কর্মসূচিকে ঘিরে ছাত্রলীগ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা একের পর এক হামলা চালাচ্ছে, আর প্রশাসন কার্যত নিশ্চুপ। প্রতিরোধ, সহিংসতা আর দমননীতির এই খেলায় রাজনৈতিক উত্তেজনা এখন চরমে।
সাদিক কায়েমের এই আহ্বান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তৈরি করেছে। তার পোস্ট সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, আর বিভিন্ন রাজনৈতিক মহল এটিকে সরকারের বিরুদ্ধে একটি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চল এখন কার্যত এক সংঘাতের মঞ্চে পরিণত হয়েছে, যেখানে একদিকে ফ্যাসিবাদী হামলা, আরেকদিকে চলছে প্রতিরোধের প্রস্তুতি। দেশের মানুষ এখন অপেক্ষা করছে—এই সংকট কোন দিকে মোড় নেয়।