‘নৌকা’ প্রতীক আবারও নির্বাচনের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে—এমন তথ্য প্রকাশ পেতেই প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরাসরি এই সিদ্ধান্তের পেছনে কারা কাজ করছে, সে বিষয়ে স্পষ্ট সন্দেহ প্রকাশ করেন।
আসিফ তার স্ট্যাটাসে লিখেছেন,
“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউল ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?”
তিনি আরও বলেন,
“পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইলো।”
এই প্রশ্ন তোলার পেছনে প্রাসঙ্গিক প্রেক্ষাপট রয়েছে। গত ১২ মে অন্তর্বর্তী সরকার এক ঘোষণায় আওয়ামী লীগসহ তাদের সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত রাখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে ‘নৌকা’ প্রতীক আবার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত এখনই বিতর্কের কেন্দ্রবিন্দুতে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই প্রকাশ্য প্রশ্ন রাষ্ট্রীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও জনমনে সংশয়ের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক মহল ও নাগরিক সমাজে এর প্রতিক্রিয়া কী হয়, তা এখন দেখার বিষয়।