বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘তেল মারার সংস্কৃতি’ থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসলে যতই সংস্কার করা হোক, তার কোনো ফল হবে না।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে ‘ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইআরএফ এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “তেল মারার সংস্কৃতি একটি কালচারের বিষয়। যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশে হাজারো সংস্কার করেও কোনো লাভ হবে না।” তিনি উল্লেখ করেন, রাজনৈতিক নিয়োগ থেকে শুরু করে তেল মারার সংস্কৃতি থেকে বের না হলে কোনো সমস্যার সমাধান সম্ভব হবে না।
বিএনপি সরকারের সময় ব্যাংক ও শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর ক্ষেত্রে রাজনৈতিক নিয়োগ না দেওয়ার ফলেই দেশের শেয়ারবাজারে তেমন কোনো সমস্যা দেখা দেয়নি, এমন মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে এই ধারাকে অব্যাহত রাখা হবে।
আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের শেয়ারবাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেবেন। তিনি আরও বলেন, গত বছরগুলোতে শেয়ারবাজার নানা সমস্যায় পড়েছে, তাই শুধু কিছু সরকারি প্রতিষ্ঠান শেয়ারবাজারে আনার মত ছোট উদ্যোগের মাধ্যমে কাজ হবে না। বরং সামগ্রিকভাবে শেয়ারবাজারের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, এবং ডিবিএ-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আকতার মালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।