জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে দলের পক্ষ থেকে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি এ দিনটিকে “সৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইতিহাস” হিসেবে আখ্যায়িত করেছেন।
সোমবার (১৪ জুলাই) এনসিপির এক অনুষ্ঠানে তিনি বলেন, “গত বছরের ৩ আগস্ট ছিল হাসিনা সরকারের পতনের ইশতেহার, আর এই বছরের ৩ আগস্ট হবে সৈরাচার মুক্ত বাংলাদেশের ভিত্তি রচনার দিন।” তার মতে, ওই দিন এক দফার ডাক দেওয়া হয়েছিল, আর এবারও সেই একই স্থানে একত্রিত হয়ে নতুন ইতিহাস রচনা করা হবে।
হাসনাত আব্দুল্লাহ তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার স্কুল-কলেজের শিক্ষার্থীরা, তোমরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। মানুষের আমাদের নিয়ে অভিযোগ থাকে, কারণ তারা আমাদের ওপর আস্থা রাখে এবং প্রত্যাশা করে। সেই প্রত্যাশার পারদ যেমন বাড়ছে, তেমনি আমাদের দায়িত্বও বাড়ছে।”
এ সময় তিনি আরও বলেন, “এনসিপির প্রতি মানুষের প্রত্যাশা দিন দিন বাড়ছে। জনগণ আজীবন সৈরাচার মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ চায়। একমাত্র এনসিপি সেই স্বপ্ন বাস্তবায়ন করবে।”
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “বর্তমান সরকার শুধু দেশের জনগণের ওপরই নয়, দেশের ঐতিহ্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবহেলা করেছে। আমরা জনগণের পাশে আছি এবং শিগগিরই তাদের স্বার্থ রক্ষার জন্য বড় ধরনের আন্দোলন শুরু করব।”
এনসিপির সমাবেশের আগেই আন্দোলনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন সেমিনার, সভা ও কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।