বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে অশ্লীল স্লোগানের পরও সংগঠনের লাখো নেতাকর্মীকে শান্ত রাখা হয়েছে। তিনি জানান, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টার বিপরীতে ছাত্রদল ধৈর্যের পরিচয় দিয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ছাত্রসমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান উপলব্ধি করে বিধায় এ ধরনের ফাঁদে পা দেয়নি।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে রাকিব অভিযোগ করেন, “গুটিকয়েক শিক্ষার্থী শহীদ জিয়াউর রহমানের ছবি ও সম্মানে অবমাননা করেছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে অবস্থান নেয়নি। এটি প্রমাণ করে, তারা এসব গুপ্ত পরিকল্পনার অংশ নয়।”
তিনি আরও বলেন, “আমরা সতর্ক করে দিচ্ছি—যদি আবার ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি বা মব ক্রিয়েট করার চেষ্টা হয়, তাহলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট গোপন সংগঠনকেই নিতে হবে।”
ছাত্রদল সভাপতি দাবি করেন, “বর্তমান সরকারকে নিয়ে ভবিষ্যতে যখন প্রশ্ন উঠবে, তখন মব সংস্কৃতি এবং গোপন রাজনৈতিক অপতৎপরতা নিয়েও জাতির সামনে প্রশ্ন আসবে। সেই দায় এড়াতে পারবে না কেউ।”
বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।