বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়।” তিনি দাবি করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই এই দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।
সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বক্তব্যে জামায়াতসহ অন্যান্য দলের প্রতি কড়া সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “লম্বা লম্বা কথা বলা আর সুকৌশলে চাঁদা (ওরা যাকে বলে হাদিয়া) তোলা ছাড়া জামায়াতের আর কোনো কাজ নেই। দেশের বড় বড় গ্রুপ থেকে তারা চাঁদা তুলেছে, কিন্তু সংকটকালে কখনও মানুষের পাশে দাঁড়ায়নি।”
তিনি বলেন, “জামায়াত, চরমোনাই কিংবা এনসিপি—তাদের কাউকে বিভ্রান্তির কারণ হিসেবে দেখার প্রয়োজন নেই। বিএনপিকে ভুলভাবে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হলে জনগণকে বিষয়টি যাচাই করে দেখতে হবে।”
তারেক রহমান প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “বর্তমানে তারেক রহমানের জীবন হুমকির মুখে। তাকে সহ্য করতে পারে না একটি চক্র। কারণ তিনিই বাংলাদেশে গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হিসেবে উঠে এসেছেন।”
এ সময় তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বিএনপির কাঁধে ভর করে দলে অনুপ্রবেশের চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”
মির্জা আব্বাস আরও বলেন, “আজ যারা বিএনপির পেছনে কথা বলে, তাদের ইতিহাস বিশ্লেষণ করলে বোঝা যাবে—তারা কখনও জনগণের দল ছিল না। বিএনপি ছাড়া দেশের ভবিষ্যৎ নিরাপদ নয়—এটি প্রমাণিত সত্য।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ভিতরে-বাইরে ষড়যন্ত্র চলছে, কিন্তু আমাদের ঐক্যই বিএনপিকে জয়ী করবে।”