গোপন তৎপরতার মাধ্যমে শিক্ষাঙ্গনে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধ্বংস এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় নির্ধারিত সময় অনুযায়ী মিছিল শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে বিক্ষোভ শুরু হয়। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন থেকে শুরু হয়ে ফকিরাপুল, প্রেসক্লাব, কাকরাইল ও ঢাকা মেডিকেল হয়ে শাহবাগ পর্যন্ত অগ্রসর হয়।
মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রদল নেতারা বলেন, “সরকার ছাত্র সমাজকে বিভ্রান্ত করতে শিক্ষাঙ্গনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। ছাত্রদের ন্যায্য দাবি ও প্রতিরোধ আন্দোলনকে দমন করতে গোপনে মব তৈরির অপচেষ্টা চলছে। আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমেছি।”
বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ছাত্রদল নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি সরকারের মদদপুষ্ট অপশক্তি দিয়ে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি বন্ধ না হয়, তাহলে ছাত্র সমাজ আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবে।”
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা শিগগিরই আরও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।