বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে—ধ্বংসস্তূপ থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়।” তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকে ভেবেছিল বিএনপি শেষ। কিন্তু সে দলই আবার খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র-যুবকদের নিয়ে জেগে উঠেছে।”
রবিবার (১৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “বর্তমানে বিএনপির বিরুদ্ধে একটি সুপরিকল্পিত সাইবার হামলা চালানো হচ্ছে। যার লক্ষ্য শুধুমাত্র দলকে নয়, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা। তারেক রহমানকেও এই সাইবার অপপ্রচারের শিকার করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এই চক্রান্ত রুখতে হবে। তরুণ সমাজকে সাইবার যুদ্ধেও সক্রিয় হতে হবে। কারণ এই লড়াই শুধু রাজনৈতিক নয়, এটি আদর্শ ও দেশের ভবিষ্যতের প্রশ্ন।”
অনুষ্ঠানে তিনি তারেক রহমানের আপোষহীন মনোভাব এবং দীর্ঘদিনের রাজনৈতিক নিপীড়নের মধ্যে থেকেও নেতৃত্বে অবিচল থাকার প্রশংসা করেন। বলেন, “তারেক রহমানকে শুধু রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগতভাবেও বারবার আক্রমণের শিকার হতে হয়েছে। কিন্তু তিনি কখনো মাথা নত করেননি।”
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এটা মনে রাখতে হবে, বিএনপি কোনো সময়ের দল নয়—এটি জনগণের দল, এদেশের মানুষের হৃদয়ের দল।”
মির্জা ফখরুলের এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, বিএনপি নেতৃত্ব এবং তারেক রহমানকে ঘিরে চলমান অপপ্রচার ও চক্রান্তের বিরুদ্ধে দলটি রাজপথের পাশাপাশি অনলাইনেও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে চায়।