বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান তারেক রহমানকে উদ্দেশ্য করে সম্প্রতি দেওয়া কুরুচিপূর্ণ ও অশ্রাব্য স্লোগানের তীব্র নিন্দা জানিয়ে রাজপথে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “যারা এমন অপমানজনক স্লোগান দিয়েছে, তারা মানুষ নামের কলঙ্ক। তাদের উচিত শিক্ষা দিতে নেতাকর্মীদের রাজপথে নামতে হবে।”
শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে ফজলুর রহমান বলেন, “আমি সুস্পষ্ট কণ্ঠে জাতিসত্তা ও বিএনপির সব স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই—তারেক রহমান সাহেব সম্পর্কে যারা এসব কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে, তাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করুন, প্রতিবাদ জানান, এবং রাজপথে দাঁড়িয়ে তাদের মুখোশ খুলে দিন।”
প্রসঙ্গত, রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে হত্যার ঘটনার পর রাজপথে সহিংস পরিস্থিতি তৈরি হয়। এই প্রেক্ষাপটে তারেক রহমানকে নিয়ে দেওয়া কিছু অশ্লীল ও ব্যক্তিগত আক্রমণাত্মক স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বিষয়টি নিয়ে সাধারণ বিএনপি কর্মী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন নাগরিকরা গভীর ক্ষোভ প্রকাশ করেন।
ফজলুর রহমান বলেন, “তারেক রহমান হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার আদর্শের উত্তরসূরি। তাকে উদ্দেশ্য করে এমন ভাষা প্রয়োগ মানে পুরো রাজনৈতিক শিষ্টাচারকে পদদলিত করা। যারা এমন করেছে, তারা জনরোষের মুখে পড়বে।”
তিনি আরও বলেন, “রাজপথেই এর জবাব দিতে হবে। কারণ অপমানের জবাব চুপ করে নয়—সাহসিক প্রতিরোধের মাধ্যমে দিতে হয়।”
বিএনপি সূত্র জানিয়েছে, দলীয়ভাবে এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ফজলুর রহমানের এই মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।