ভোটের প্রতীকের তালিকা থেকে শাপলা বাদ দেওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। রোববার (১৩ জুলাই) সকাল ১১টায় পাঁচ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন ভবনে উপস্থিত হয়।
দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা।
সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) প্রতীকের তালিকায় শাপলা ছাড়া ১১৫টি প্রতীক অন্তর্ভুক্ত করে প্রস্তাব তৈরি করেছে এবং সেটি ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তকে নীতিগতভাবে ভুল ও আপত্তিকর বলে মনে করছে এনসিপি।
এনসিপি এর আগে দলীয় প্রতীক হিসেবে শাপলা দাবি করেছিল। তবে বিকল্প হিসেবে তারা কলম ও মোবাইল ফোন প্রতীকও চেয়েছিল, যা নির্বাচন কমিশনের তালিকায় রাখা হয়েছে।
প্রতিনিধিদল বৈঠকে শুধু প্রতীকের ইস্যুই নয়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নেন বলে জানিয়েছেন এনসিপি নেতারা।