রাজধানীর মিটফোর্ড হাসপাতালে সাম্প্রতিক আলোচিত হত্যাকাণ্ডে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও মাথায় পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা ব্যবসায়ী সমাজে আতঙ্ক ছড়িয়েছে এবং রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। এমন প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনার শিববাড়ী মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “আমরা ঢাকায় দেখেছি, চাঁদাবাজির বিরুদ্ধে বারবার বলছি। জনগণকে আজ বলতে হচ্ছে, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের বলতে হচ্ছে, আপনাদের আবারও প্রস্তুতি নিতে হবে, আবারও মাঠে নামতে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে।”
তিনি বলেন, “আমরা আগের আমলে দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল। এখন সেই মাফিয়াদের একটি রাজনৈতিক দল প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। অন্যদিকে ক্ষুদ্র-মাঝারি, খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের অত্যাচারে বেহাল অবস্থায় রয়েছে।”
নাহিদ ইসলাম দাবি করেন, দেশের অর্থনীতি এবং সাধারণ ব্যবসায়ীদের রক্ষা করতে হলে চাঁদাবাজদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, “সব দেশপ্রেমিক ব্যবসায়ীদের আমরা রক্ষা করব। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে চাঁদাবাজদের কবল থেকে রক্ষা করব।”
তিনি আরও বলেন, “এই ফ্যাসিবাদী ব্যবস্থা মাফিয়া তৈরি করে, দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে। এই ব্যবস্থা পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
নাহিদ ইসলাম তার বক্তব্যে ব্যবসায়ী সমাজের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সরকারের প্রতি চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপের দাবি জানান। তিনি বলেন, জনগণকে রক্ষার দায়িত্ব শহীদরা আমাদের দিয়ে গেছেন, সেই দায়িত্ব পালনে পিছপা হওয়া যাবে না।