রাজনৈতিক সংস্কারের নামে নতুন করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের চলমান সংকট নিরসনের একমাত্র পথ হলো অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “আজও যারা ফ্যাসিবাদের সহচর ছিল, তারা রাষ্ট্রীয় ক্ষমতার নানা জায়গায় অবস্থান করছে। সুযোগ পেলে তারা আবারও গণতন্ত্রকে গলা টিপে ধরবে। এসব দোসরদের বিচারের মাধ্যমে জাতিকে রক্ষা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আমরা আশাবাদী।”
অর্থনৈতিক দিকেও গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, “দেশের গার্মেন্টস ও কলকারখানাগুলো যেন চালু থাকে, সেজন্য জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ দেশে খাদ্যসংকট এমনকি দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে। অথচ সরকার কেবল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই ব্যস্ত।”
রিজভী আরও বলেন, “বিএনপি সংস্কারের বিরোধিতা করে না। কিন্তু সেই সংস্কার হতে হবে জনগণের ম্যান্ডেট অনুযায়ী, ফ্যাসিবাদ রক্ষার ছলনা নয়। আমরা চাই জনগণের ভোটে একটি গ্রহণযোগ্য সরকার গঠিত হোক, গণতন্ত্র ফিরিয়ে আনা হোক।”