পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদসহ সাত দফা দাবি পূরণ হলেই যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের।
এদিন সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের অনুমতি ও নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে এহসান মাহবুব জুবায়ের বলেন, “রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এতে ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী অংশ নেবেন।” তিনি জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়ে ডিএমপি থেকে সব ধরনের নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে বলছি, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদসহ সাত দফা দাবি বাস্তবায়ন হলেই জামায়াতে ইসলামী যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আমরা কোনো ষড়যন্ত্র বা অগণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করি না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আছি এবং থাকব।”
জামায়াত নেতা জানান, সমাবেশে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে। তিনি আশা প্রকাশ করেন, এই সমাবেশ দেশের রাজনৈতিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং জনগণের দাবি স্পষ্ট করে তুলবে।
বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াতের নেতারা বলেন, ১৯ জুলাইয়ের সমাবেশ হবে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ। তাদের দাবি, এই সমাবেশ দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যের বার্তা দেবে।