বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, “এই বাংলার মাটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হবে।” মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
আফরোজা আব্বাস বলেন, “আওয়ামী লীগকে দেশের কোথাও স্থান দেওয়া হবে না। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল, অথচ আজ শেখ হাসিনা নিজেই তার নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন।”
ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমার নেত্রী, আমার মা—তিনি গত ১৭ বছর দেশ ছাড়েননি। কিন্তু শেখ হাসিনা সেই সময় ১৮ কোটি মানুষকে বিপদে ফেলে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। তারপরও তিনি নিজেকে জনগণের মা দাবি করেন! কোন মা সন্তানকে বিপদের মুখে ফেলে পালায়?”
সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে ইঙ্গিত করে আফরোজা আব্বাস বলেন, “গত ১৭ বছর ধরে এই এলাকায় অবৈধ আইনমন্ত্রী মামলা-মোকদ্দমা দিয়ে মানুষকে ঘরে থাকতে দেয়নি। ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, মানুষকে বাড়িছাড়া করেছে। আজ আল্লাহ তার বিচার শুরু করেছেন।”
৩১ দফা রূপরেখার প্রসঙ্গে তিনি বলেন, “৩১ দফা মানেই একটি নতুন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন। এই দফাগুলোতে আছে—কীভাবে সরকার গঠিত হবে, কৃষক ন্যায্য দাম পাবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল
উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, সাধারণ সম্পাদক শাশীমা বাছির স্মৃতি, আখাউড়া উপজেলা মহিলা দলের সভাপতি আন্তরা চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু এবং সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া প্রমুখ।
সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। সমাবেশ জুড়ে সরকারবিরোধী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে আখাউড়া শহীদ স্মৃতি কলেজ মাঠ।