গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খান লিখেন, “ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। আপা এখন জাপায় ভর করেছেন। জাপাতে যে অন্তঃকোন্দল দেখা যাচ্ছে, তা স্রেফ সাজানো নাটক। ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে বড় ধরনের ধোঁকাবাজি চলছে।”
তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহলে আওয়ামী লীগের প্রতি পক্ষপাত রয়েছে এবং ‘আপাকে’ (পরোক্ষভাবে শেখ হাসিনাকে) ফিরিয়ে আনার ষড়যন্ত্রে জাপাকে ব্যবহার করা হচ্ছে। “যেহেতু উপদেষ্টাদের মধ্যে আপা ও জাপা ভক্ত রয়েছেন, তাই আপা সরাসরি ফিরে আসতে না পারলেও জাপার ঘাড়ে চড়ে তাকে ফেরানোর ব্যাপারে সক্রিয় ভূমিকা নেওয়া হচ্ছে,”— বলেন রাশেদ খান।
তিনি আরও বলেন, “সাবের হোসেন চৌধুরী ও মাহমুদুর রহমান মান্নাদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি প্রজেক্ট আগে চালু হয়েছিল। সেই প্রজেক্ট ব্যর্থ হওয়ার পর এবার ব্যারিস্টার পাটোয়ারীই তাদের শেষ ভরসা।”
রাশেদ খানের এই মন্তব্যের পটভূমিতে রয়েছে জাতীয় পার্টিতে সাম্প্রতিক পরিবর্তন। সোমবার (৮ জুলাই) পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, মুজিবুল হক চুন্নুকে সরিয়ে জাপার নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শামীম হায়দার পাটোয়ারীকে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় পার্টিকে ঘিরে চলমান আলোচনার মধ্যে রাশেদ খানের বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।