জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, লালমনিরহাটের পাটগ্রামে সরকার অনুমোদিত বালু-পাথর সাইটের গাড়ি থেকে বিএনপি নেতাকর্মীরা নিয়মিত চাঁদা আদায় করছে এবং প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে চাঁদাবাজদের রক্ষা করছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পাটগ্রাম উপজেলায় প্রতিটি গাড়ি থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়, মাসে লাখ লাখ টাকা ওঠে এইভাবে।
তার ভাষায়, বুধবার ইউএনও দুইজন চাঁদাবাজকে আটক করে এক মাসের জেল দিলেও পরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী থানা ঘেরাও করে ভাঙচুর চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায়।
এমনকি পুলিশ সুপারের অনুরোধে হাতীবান্ধা থানা থেকে ফোর্স পাঠানো হলে হাতীবান্ধা থানাও বিএনপি কর্মীরা অবরুদ্ধ রাখে বলে অভিযোগ করেছেন তিনি। সারজিস আলম লিখেছেন, “এভাবে বিএনপি যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট চালায় বা চাঁদাবাজদের প্রটেকশন দেয়, তাহলে দেশ সংস্কার হবে কীভাবে?”
তিনি বলেন, স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণে না রেখে শুধু স্লোগান বা দফা দিয়ে কোনো পরিবর্তন হবে না, বরং আগে স্থানীয় পর্যায়ের দুর্নীতি বন্ধ করতে হবে। প্রশাসনকে সহযোগিতা করা দূরে থাক, বরং পুলিশকে জিম্মি করে অপকর্ম করা হলো—এখন বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কি না, সেটাই দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
নিজের পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে সরাসরি এই প্রশ্নও ছুড়ে দেন সারজিস আলম।