সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
“সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),” বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “ছাত্র ও জনতা শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি। শুধুমাত্র নির্বাচন হলে তা ফ্যাসিবাদের পুনর্জন্ম ঘটাবে। তাই প্রয়োজন সংস্কার, বিচার ও জনগণের অধিকার নিশ্চিত করা।”
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট মিশন মোড়ে পদযাত্রা শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি আহ্বায়ক বলেন, “তিস্তা নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। বাস্তবভিত্তিক ও দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমেই এ প্রকল্প বাস্তবায়ন করতে হবে।”
উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, “উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়। দেশের সর্বত্র উন্নয়নের কথা বলা হলেও লালমনিরহাটের প্রান্তিক জনগণ এখনো তা থেকে বঞ্চিত। যতদিন পর্যন্ত তারা উন্নয়নের সুবিধা না পাবে, ততদিন আমরা সেই উন্নয়ন মেনে নেব না।”
নাহিদ ইসলাম আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও ফ্যাসিস্ট শাসনব্যবস্থা এখনো রয়ে গেছে। মাফিয়াতন্ত্র, সন্ত্রাস ও দখলদারিত্ব এখনও বিদ্যমান। সেই কারণেই আমাদের লড়াই এখনো শেষ হয়নি। জনগণের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতেই এনসিপির আত্মপ্রকাশ।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তারা বলেন, এনসিপি জনগণের সংগঠন, এবং এ সংগঠনই ভবিষ্যতে গণ–অভ্যুত্থানের নেতৃত্ব দেবে।
পদযাত্রায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।