জুলাই গণ-অভ্যুত্থানপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রাম থেকে এই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। সকাল সাড়ে ১০টার দিকে কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরুর ঘোষণা দেওয়া হয় জুলাই পদযাত্রার। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে নেতারা জাতীয় বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় আবু সাঈদের মায়ের কাছ থেকে দোয়া নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই বিশেষ মুহূর্তের একটি ছবি শেয়ার করে নাহিদ ইসলাম লেখেন:
শহীদ আবু সাঈদের মা হাত বুলিয়ে দিচ্ছেন মাথায়। দোয়া করে দিচ্ছেন, সাহস দিচ্ছেন সামনে এগোবার। মায়ের এই দোয়া নিয়েই আজকে শুরু হলো এনসিপির সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা।’
ছবিতে দেখা যায়, শহীদ আবু সাঈদের মা মমতার হাত তুলে নাহিদ ইসলামের মাথায় বুলিয়ে দোয়া করছেন। দলের নেতারা বলছেন, এই কর্মসূচি কেবল একটি রাজনৈতিক পদযাত্রা নয়, বরং শহীদদের স্বপ্নের সমানাধিকারের বাংলাদেশ গড়ার শপথ।
আবু সাঈদের কবর জিয়ারতে নাহিদ ইসলামের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।
দলের নেতারা জানান, জুলাই মাসজুড়ে সারা দেশে বৈষম্যবিরোধী প্রচারণা, গণসংযোগ ও আলোচনা সভার মধ্য দিয়ে এই পদযাত্রা চলবে। তাদের ভাষায়, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শহীদদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ডাক।