ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেছেন, জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কোনো বিকল্প নেই। তিনি বলেন, “আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতির পক্ষের মতামত প্রকাশ করছে। সংসদের উভয় কক্ষেই আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকতে হবে।”
শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ইসলামপন্থিদের ঐক্যের ব্যাপারে আজ গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জোটবদ্ধ ইসলামি দলগুলো আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হবে। মৌলিক সংস্কারের প্রশ্নে কেউ কেউ দ্বিমত করছে। সেটি হলে আমরা জুলাইয়ের শহিদদের সাথে বিশ্বাসঘাতকতা করব।”
সরকারের উদ্দেশে কঠোর ভাষায় তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই। যারা পালিয়ে থেকে উসকানিমূলক কথা বলছে, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে।”
তবে ইসলামী আন্দোলনের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমরা সরকারের সঙ্গে সহযোগিতায় কাজ করতে চাই। সংস্কার, বিচার এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারকে অটল থাকতে হবে। দেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।”
আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক চাই। তবে কোনো আগ্রাসী সম্পর্ক মেনে নেওয়া হবে না।”
নারীর অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে সৈয়দ রেজাউল করিম বলেন, “নারীরা জনসংখ্যার অর্ধেক। ইসলামী আন্দোলন নারীর অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার করে।”
সমাবেশে হাজারো নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কারের দাবি জানান।