ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চলমান অচলাবস্থা, নাগরিক সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইশরাক হোসেনের মিডিয়া সেলের সদস্যরা।
সংবাদ সম্মেলনে ইশরাক তুলে ধরবেন ঢাকা দক্ষিণ সিটির চলমান আন্দোলনের প্রেক্ষাপট, নাগরিক সেবার বাস্তব অবস্থা এবং সংশ্লিষ্ট সংকট। একই সঙ্গে সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া কিছু বক্তব্যকে “অবমাননাকর ও বিভ্রান্তিকর” উল্লেখ করে তার প্রতিবাদও জানানো হবে।
প্রসঙ্গত, দীর্ঘ প্রায় এক মাস বন্ধ থাকার পর অবশেষে সোমবার (২৩ জুন) খুলেছে ডিএসসিসির নগরভবনের প্রধান ফটক। আবারও চালু হয়েছে প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম। তবে ইশরাকপন্থী কর্মচারীদের অবস্থান কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে।
এর আগে গত ১৫ মে থেকে শুরু হওয়া ইশরাকের অনুসারীদের আন্দোলনের কারণে নগরভবনের প্রধান ফটক এবং বেশ কয়েকটি বিভাগের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। এই অবস্থায় ৩ জুন পর্যন্ত বন্ধ ছিল সব ধরনের নাগরিক সেবা। ফলে জরুরি প্রয়োজনেও সেবা নিতে এসে ফিরে যেতে হয়েছে অনেককে।
ঈদুল আজহার বিরতির পর গত ১৫ জুন থেকে আন্দোলন আবারও সক্রিয় হয়। তখন থেকে আবারও নগরভবনে একত্রিত হতে শুরু করেন ইশরাকের সমর্থক কর্মচারীরা। এতে করে নগরভবনের কার্যক্রম আবারও স্থবির হয়ে পড়ে। তবে টানা অচলাবস্থার পর গতকাল (২৩ জুন) খুলে দেওয়া হয় প্রধান ফটকসহ অন্যান্য বিভাগগুলোর তালাও।
ডিএসসিসি পরিস্থিতি নিয়ে ঢাকাবাসীর মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটেই ইশরাক হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে তার অবস্থান ও পরবর্তী করণীয় ব্যাখ্যা করবেন বলে ধারণা করা হচ্ছে।