অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচিত বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিকভাবে একপ্রকার ‘এতিম’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।
তিনি বলেন, “ইউনূস সাহেব যখন প্রথম কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা থেকে সরে দাঁড়ান, তখনই এটা স্পষ্ট ছিল যে, তিনি এনসিপি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আজকের মিটিং প্রমাণ করে, এনসিপি এখন রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে।”
মাসুদ কামালের মতে, এনসিপির রাজনীতিতে গায়ের জোর, নেতাদের আচরণ, কথাবার্তা এবং জীবনযাপনের ধরন অনেকের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। তিনি বলেন, “মানুষ তাদের খুব একটা পছন্দ করেনি। এখন যদি নির্বাচনে এককভাবে অংশ নেয়, শেষ পর্যন্ত কী হবে বলা কঠিন। হয়তো ইলেকশন করতে পারবে, কিন্তু সেটাই কি চূড়ান্ত সাফল্য?”
তিনি এনসিপির নিবন্ধন না থাকা নিয়েও প্রশ্ন তোলেন। “নিবন্ধনের আবেদন করলেই কি পাওয়া যাবে? পাবে হয়তো, কারণ ইউনূস সাহেব আছেন। তবে প্রশ্ন হচ্ছে, তারা শর্ত পূরণ করেছে কিনা।”
তিনি আরও বলেন, “তাদের শরীরী ভাষা (body language) স্পষ্ট করে দেয়, তারা নিজেরাও জানে না তারা কতটা প্রস্তুত। যদি তারা নির্বাচনে অংশ নেয় এবং অন্তত একটি আসনে জামানত রক্ষা করতে পারে, সেটাই হবে তাদের বড় সাফল্য।”
মাসুদ কামালের এসব মন্তব্য রাজনৈতিক অঙ্গনে এনসিপির ভবিষ্যৎ ও অবস্থান নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ায় তাদের ভূমিকা এবং ইউনূসের অবস্থান ঘিরে সংশয় আরও বেড়েছে।