জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেছেন, বেগম খালেদা জিয়ার সময় দেওয়া যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল— বিশেষ করে নারী ক্ষমতায়নের প্রশ্নে— আজকের বিএনপি তা উপেক্ষা করছে। শুক্রবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ঈদের আগে ঐকমত্য কমিশনের এক আলোচনায় তাসনিম জারা নারীদের জন্য সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন চালুর প্রস্তাব দেন। কিন্তু বিএনপির প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ জানান, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় তারা এই প্রস্তাবে সমর্থন দিচ্ছেন না। বরং, তারা বিদ্যমান পদ্ধতি— যেখানে দলপ্রধান মনোনয়ন দেন— সেটিই বহাল রাখতে চায়।
তাসনিম জারা বলেন, বেগম খালেদা জিয়া ২০০১ সালের নির্বাচনী ইশতেহারে পরিষ্কারভাবে বলেছিলেন, নারীদের ক্ষমতায়নে সরাসরি নির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে। এই প্রতিশ্রুতির ভিত্তিতে মানুষ বিএনপিকে ভোট দিয়েছিল। আজ সেই প্রতিশ্রুতির বিপরীত অবস্থান নিয়ে দলটি নারীর রাজনৈতিক অগ্রযাত্রা রুদ্ধ করছে।
তিনি বলেন, “সালাহউদ্দিন আহমেদ বলেন, সময় এখনো হয়নি। কিন্তু তিনি বলেননি, কী দেখে বুঝব সময় হবে? নারীদের নির্বাচনের উপযুক্ত করতে বিএনপি কী করছে, তাও বলেননি।”
তাসনিম জারা ঘোষণা দেন, “আমরা নারীদের সরাসরি নির্বাচনের জন্য সংগ্রাম চালিয়ে যাব। ইতোমধ্যে একটি ইভেন্ট খোলা হয়েছে, যেখানে স্বাক্ষর ও খোলা চিঠির মাধ্যমে জনগণের মত সংগ্রহ করা হবে।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যুক্ত করতে কার্যক্রম শুরু হচ্ছে। কেউ সহায়তা করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন।”