যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। আগামী ১৩ জুন শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত লন্ডনের ডরচেস্টার হোটেলে এই ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠককে একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। বিশেষ করে নির্বাচন-সংস্কার ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে যে বিতর্ক ও মতভেদ চলছে, তা নিরসনে এ বৈঠক আশার আলো জ্বালাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
বৈঠককে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এরই মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। এছাড়া সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তারেক রহমান দলের শীর্ষ নেতাদের সঙ্গে এই বৈঠকের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
যদিও বিএনপির নেতারা এ নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি, তবে ইঙ্গিতে বৈঠক সম্পর্কে ইতিবাচক মনোভাবই প্রকাশ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “লন্ডনে প্রফেসর ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য একটি বড় মোড় ঘোরাতে পারে।”
এই বহুল আলোচিত বৈঠকের ফলাফলই নির্ধারণ করতে পারে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের দিকনির্দেশনা।