গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জি এম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা এবং মৃত মইনউদ্দিনের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতে পালাতে পারেন, এমন তথ্য আগে থেকেই তাদের কাছে ছিল। সেই অনুসারে ইমিগ্রেশন বিভাগের সব কর্মকর্তাকে সতর্ক করা হয়।
পরে সকাল ১১টার দিকে তিনি পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, জি এম শাহাবুদ্দিন আজমের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আনুষ্ঠানিকতা শেষে তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।