জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “আমরা ২০২৪ সালের জুলাই-আগষ্টে রাজপথে গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম, বুলেটের বিরুদ্ধে লড়াই করেছি। এবার ব্যালটের বিপ্লবের জন্য আরেকবার বুকের সামনে গুলি ধারণ করে প্রতিহত করবোই।”
শনিবার (৩১ মে) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. মাসুদ আরও বলেন, “পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আমরা সবাই মিলে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ বলতে হবে। কিন্তু কিছু নেতার বক্তব্যে শোনা যায়, তারা সবার আগে দেশের নয়, বরং পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিনিধিত্বের কথা বলেন। এভাবে চলতে থাকলে আলেম-ওলামারা প্রতিহত করার সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও যোগ করেন, “বিগত ৫৩ বছরে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত। দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে, সংস্কৃতিকে অপসংস্কৃতির ছায়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। জামায়াত ইসলামী আল কোরআনের আদর্শে মদিনা মডেলের বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত নিয়েছে।”
সমাবেশে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “এই কিশোরগঞ্জ থেকে যে কয়টি আসন আছে, সেগুলোতে বিজয় নিশ্চিত করতে ঘুম বাদ দিয়ে, বিশ্রাম বাদ দিয়ে আজ থেকে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সবাই রাজি আছেন কিনা।” তার ডাকে সাড়া দিয়ে উপস্থিত সবাই হাত তুলে সমর্থন জানান।
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী প্রমুখ।