বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “জাতি যখন সামনের দিকে এগিয়ে যেতে চায়, তখন এমন ধরনের মন্তব্য দুঃখজনক।”
শনিবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, দেশের ৫২টি গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। কিন্তু যারা ৫ আগস্টের পর রাজনীতিতে এসেছে, তারা নির্বাচন ঠেকাতে চাইছে। তিনি স্পষ্ট করে বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে হবে। কেউ যদি তা বাধাগ্রস্ত করতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের রুখে দেব।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকারই একটি দেশের মূলশক্তি। দেশ গড়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা যে সরকার গঠন করব, তা হবে জবাবদিহিমূলক। সবাইকে ভবিষ্যতের সেই নির্বাচিত সরকারকে সহযোগিতা করতে হবে।”
নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে আমীর খসরু বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, এর বিকল্প নেই। বিএনপির পক্ষ থেকে বারবার এই বার্তা দেয়া হয়েছে যে, নির্বাচনের রোডম্যাপ স্পষ্ট করতে হবে এবং জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, গণতন্ত্রের পথে কোনো ধরনের বাধা সহ্য করা হবে না।
সভায় উপস্থিত নেতা-কর্মীরা আমীর খসরুর বক্তব্যে সাড়া দিয়ে নির্বাচন ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আরও সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।