জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির কোনো সমঝোতা করছে না— এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। শনিবার (৩১ মে) দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক এক টকশোতে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
মঞ্জু দাবি করেছিলেন, বিএনপির সঙ্গে ৫০-৭০টি আসন নিয়ে এনসিপি পর্দার অন্তরালে আলোচনা করেছে এবং সেই সমঝোতার ভিত্তিতে সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচন হতে পারে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা হাইপোথেটিক্যলি ধরে নিলাম, কোনো সিট নেগোসিয়েশন হলো, তাহলে কি নির্বাচনের তারিখ এগিয়ে আসবে? আমরা স্পষ্টভাবে বলছি, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির কোনো আলোচনা এনসিপি করেনি।”
তিনি আরও জানান, এনসিপি তার সাংগঠনিক বিস্তৃতিকে অগ্রাধিকার দিচ্ছে এবং বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে কাজ করছে। আওয়ামী লীগ আমলের ভুয়া নির্বাচনগুলোর কারণে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাই আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এর জন্য প্রশাসনিক সংস্কার নিশ্চিত করতে হবে।
হাসনাত বলেন, “প্রশাসনিক সংস্কারসহ মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব। তবে কোনো সংস্কার ছাড়া আয়োজিত নির্বাচন একপেশে হয়ে যাবে।”
তিনি বলেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ‘জুলাই চার্টারের’ ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচন দিতে হবে। তিনি সকল পক্ষকে বিভ্রান্তি না ছড়িয়ে একটি অর্থবহ গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।