আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং বিচার বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। রোববার (২৫ মে) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক শেষে এসব কথা জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মঞ্জু বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট রোডম্যাপ দাবি করেছি — নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং ফ্যাসিবাদী খুনিদের বিচারের রোডম্যাপ।” তিনি জানান, বৈঠকে তারা প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন,
তিনি কি সত্যিই পদত্যাগ করতে চেয়েছিলেন? উত্তরে ইউনূস বলেন, “সুষ্ঠু নির্বাচনের পরিবেশ পাইনি, তাই সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এখন আমার লক্ষ্য একটি সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করা। যখন পরিস্থিতি অনুকূল মনে করব, তখনই নির্বাচন দেবো।”
এবি পার্টি চেয়ারম্যান আরও বলেন, “আমরা বলেছি, ছাত্ররা ঐক্য ধরে রাখতে পারেনি। প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে তুলতে হবে। আপনাকে থাকতে হবে। আমরা সবাই মিলে পরাজিত হওয়ার সুযোগ নেই।”
প্রথম দফার সংলাপে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সবাই একমত যে, সংকট উত্তরণে সুষ্ঠু নির্বাচন ও স্পষ্ট রোডম্যাপ ছাড়া কোনো বিকল্প নেই।