জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসউদ বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে বলেন, “বহুবার বলেছি ঐক্য বিনষ্ট করবেন না, উপরন্তু শুধু দেখেছি স্বেচ্ছাচারিতা আর অহংকার। নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন।”
তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত সুবিধা ও দলীয় আধিপত্য প্রতিষ্ঠার লোভে অনেকেই ঐক্যের ভিত্তি দুর্বল করেছেন। “বারবার অপ্রিয় কথাগুলো বলায় সব ক্ষেত্রেই হয়েছি কোনঠাসা,” মন্তব্য করেন তিনি।
হান্নান মাসউদ বলেন, “প্রত্যেককেই হিসেব দিতে হবে, জুলাইয়ের হিসাব। মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি বহুবার, জুলাইয়েও হয়েছি এখনও হচ্ছি।”
তিনি দাবি করেন, সরকারবিরোধী বয়ান তৈরিতে যারা সক্রিয় ছিলেন, তাদের অনেকেই আজ মিডিয়া ও রাজনৈতিক প্রচারণার মাধ্যমে ‘টার্গেট’ হচ্ছেন। “যে মিডিয়া শেখ হাসিনাকে দানব বানালো, তার সংস্কার কতদূর মি. মহোদয়?”— এমন প্রশ্ন তুলে হান্নান মাসউদ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে মিডিয়ার ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “গত ৯ মাসে কয়টা নতুন মিডিয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে? কয়টা মিডিয়া নিয়মিত দুর্নীতি, গুম, সন্ত্রাস নিয়ে রিপোর্ট করছে?”
সবশেষে তিনি আহ্বান জানান, “আপনারা যেভাবেই উপস্থাপন করেন না কেন, দেশের পূণঃক্রান্তিলগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন।”