বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাই না, আমরা চাই একটি নিরপেক্ষ ও সময়োপযোগী নির্বাচন।” বৃহস্পতিবার (২২ মে) বিকাল সোয়া ৫টায় খুলনা প্রেসক্লাবে বিএনপির খুলনা বিভাগীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর রায় বলেন, “সরকার যদি নির্বাচনের কথা বলে, তবে নির্দিষ্ট সময় পরিষ্কারভাবে জানাক—জুন না ডিসেম্বর, কোনটি?” তিনি ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, “আপনার চালাকি সবাই বোঝে, আপনি বোঝেন না। জনগণই ক্ষমতার মালিক, তারা কাকে ক্ষমতায় বসাবে তা তারাই ঠিক করবে।”
তিনি আরও বলেন, একটি নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয়। দেশের মানুষ গণতন্ত্র চায় এবং মুক্তভাবে মত প্রকাশ করতে চায়। একমাত্র একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। সেই সংসদই ইউনূস সাহেবের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করতে পারবে।
এ সময় গয়েশ্বর রায় সীমান্তে প্রস্তাবিত মানবিক করিডোরের বিষয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, “এই করিডোর দিয়ে অস্ত্র যাবে, আরাকান আর্মি শক্তিশালী হবে, যা দেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, যারা সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনে অংশ নেন।
খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ ৫ তরুণ সদস্যের ফরম পূরণের মধ্য দিয়ে সদস্য নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।