অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তার অভিযোগ, সরকারের ভেতরে চক্রান্তকারীরা বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে অপচেষ্টা চালাচ্ছে।
বুধবার (২১ মে) রাতে রাজধানীর কাকরাইলে এক বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। সমাবেশটি ছিল তার সমর্থকদের টানা সাতদিনের অবস্থান কর্মসূচির অংশ, যেখানে তারা তার শপথ গ্রহণের দাবিতে আন্দোলন করে আসছেন।
ইশরাক বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু দুঃখজনকভাবে, বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের ওপর প্রভাব খাটাচ্ছেন।”
তিনি অভিযোগ করেন, “মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন। তারা নিরপেক্ষ থাকার কথা থাকলেও দলীয় স্বার্থে কাজ করছেন। তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।”
ইশরাক বলেন, “এই সরকার সত্যিকার অর্থে নিরপেক্ষ নয়। এটি আজ পরিষ্কার হয়ে গেছে। আমরা আরেকটি স্বৈরাচারী সরকারের জন্ম হতে দিতে পারি না। যেমনভাবে হাসিনাকে বিদায় দিয়েছি, তেমনি অন্য স্বৈরাচারকেও বিদায় করতে পারব।”
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়া প্রসঙ্গে ইশরাক বলেন, “মেয়র হওয়া বড় কথা নয়, বরং নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের রায় প্রতিষ্ঠা করাই মুখ্য। জনগণের ভোটে আমি জয়ী হয়েছি, এখন আমার শপথ নেওয়ার অধিকার আছে।”
তিনি ঘোষণা দেন, “আমরা পেছনে ফেরার পথ রাখিনি। যতদিন দাবি মানা হবে না, আমরা রাজপথে থাকব।”
সমাবেশে তার উপস্থিতি সমর্থকদের মাঝে উৎসাহ বাড়িয়ে দেয়। তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং ইশরাকের পক্ষে অবস্থান নেন।