রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক তিন জনকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার ঘটনায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল।
বুধবার (২১ মে) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতরের দায়িত্বে) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশে তা জানানো হয়। আগামী ৩ দিনের মধ্যে এর ব্যাখ্যা-ও দিতে বলা হয়েছে নোটিশে।
শোকজ নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিক স্থলনজনিত কারণে আগেই কেন্দ্রীয় কমিটি মোহাম্মদপুর থানার আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
তারপরও সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক ৩ জনের মুচলেকা প্রদান করে থানা থেকে জামিন করান আবদুল হান্নান মাসউদ। উক্ত ঘটনার ব্যাখ্যা এবং তার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেটির লিখিত বিবরণ আগামী তিনদিনের মধ্যে শৃঙ্খলা কমিটির কাছে উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।