ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ নগর ভবন ঘেরাও করে রেখেছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে গত চার দিন ধরে টানা বিক্ষোভ কর্মসূচি চলছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, মেয়র হিসেবে ইশরাকের শপথ গ্রহণ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
নগর ভবনের সামনে আজকের ‘ব্লকেড’ কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়। আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী, এ সরকারের কিছু ব্যক্তি সচেতনভাবে ইশরাকের শপথ অনুষ্ঠানে বাধা দিচ্ছেন।
আজ দুপুরে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, “মেয়র ফেওর কিছু না। উদ্দেশ্য ছিল অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির ক্ষমতালোভী চেহারা উন্মোচন করা।”
ইশরাক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সদস্যরা আওয়ামী লীগের পক্ষেই কাজ করছেন। তিনি দাবি করেন, এই গোষ্ঠী বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং আমলাতন্ত্রকে ব্যবহার করে একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হলেও, চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল সে ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও এখনও পর্যন্ত শপথ অনুষ্ঠান হয়নি।
ইশরাক হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি আদায় না হলে লড়াই চলবে। আর নয়তো আল্লাহর হুকুমে মাটির নিচে থাকবো। ভোটাধিকারের সঙ্গে এক চুলও ছাড় নয়।”