বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ রোববার (১৮ মে) সন্ধ্যায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ। বিষয়টি নিশ্চিত করেছেন এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক।
তিনি জানান, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই দুই প্রবীণ নেতার মধ্যে আলোচনা হতে পারে।
অলি আহমদ ২০-দলীয় জোটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন ধরে বিএনপির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। ফলে তার এই সাক্ষাৎকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থতাজনিত কারণে রাজনীতির কেন্দ্রবিন্দু থেকে কিছুটা দূরে রয়েছেন এবং অনেকদিন পর এবার কোনো জোটসঙ্গী দলের শীর্ষ নেতার সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে অলি আহমদের সঙ্গে তার সাক্ষাৎকে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন দল ও জোটের মধ্যে আলোচনার জোরালো সুর উঠেছে। এই বৈঠকের মাধ্যমে নতুন কোনো রাজনৈতিক সমন্বয়ের আভাস পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এই আলোচনার পর জোটের সক্রিয়তা নতুন মাত্রা পেতে পারে।