আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, এ সিদ্ধান্তের পেছনে দেশের জনগণের সমর্থন রয়েছে, যা আন্তর্জাতিক মহলও বুঝতে পেরেছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন,
“আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। কারণ, এখানে নিষিদ্ধকরণের বিষয়ে জনগণের সমর্থন ছিল।”
তিনি আরও বলেন,
“আমরা চাচ্ছি আওয়ামী লীগের বিচার ন্যায়সঙ্গতভাবে হবে। বিচার তার নিজস্ব গতিতে চলবে। বিচারটা দ্রুত হক, তবে কোনো অন্যায় যেন না হয়।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন,
“প্রধান উপদেষ্টার বক্তব্যে বিষয়টি নিশ্চিত যে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।”
মাগুরায় একটি শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার প্রসঙ্গে শফিকুল আলম বলেন,
“আশা করছি আমরা ন্যায়বিচার দেখতে পাব। ন্যায় বিচারের জন্য যত দ্রুত বিচারিক কাজটি করা যায় সেটি করেছি। কেবিনেট এটি নিয়ে আইন প্রয়োজনীয় সংস্কার করেছে। আমরা আশা করছি এক্ষেত্রে ন্যায় বিচার হবে।”
মফস্বল সাংবাদিকতার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,
“মফস্বল সাংবাদিকতার মান উন্নয়ন করতে গেলে তাদের আর্থিক বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি দিতে হবে।”
মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।