গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন,
“ওত পেতে থাকা ফ্যাসিস্টের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারাই দেশে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।”
শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ফারাক্কা লংমার্চের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশটি আয়োজন করে গণসংহতি আন্দোলন।
তিনি বলেন,
“ফ্যাসিস্ট সরকার নিজেদের গদির বদলে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। কিন্তু দেশের মানুষ সেই গদি উল্টে দিয়েছে। পাকিস্তানের সাথে এতবার যুদ্ধ হলেও ভারত সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেনি। দেশটি সেখানে ক্ষমতার দাপট দেখাতে পারেনি। শক্তিশালী অর্থনীতির উপর দাঁড়িয়ে ভারতের সকল দাপটকে ভেঙে ফেলা হবে।”
এ সময় তিনি জনগণের মুক্তির জন্য “নতুন বন্দোবস্তের” প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
সম্প্রতি উপদেষ্টাকে লক্ষ্য করে বোতল ছোড়ার ঘটনার প্রেক্ষাপটে জোনায়েদ সাকি বলেন,
“উপদেষ্টাকে বোতল ছোঁড়ার ঘটনা দুঃখজনক। তবে কাউকে ছাড় দিবেন আবার কারো দাবি মানতে সময় নেবেন—এটা গ্রহণযোগ্য না।”
তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জনগণের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানান এবং বলেন,
“জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করে নিজেদের অবস্থানকে দুর্বল না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই।”
গণসংহতি আন্দোলনের নেতাদের দাবি, দেশের সার্বভৌম স্বার্থ, জনগণের অধিকার এবং পানি সমস্যার মতো দীর্ঘমেয়াদী ইস্যুতে ঐক্যবদ্ধ গণচাপ প্রয়োজন। বক্তারা নতুন রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তোলার উপর জোর দেন।