জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই নানামুখী বঞ্চনার শিকার বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “সরকারের মধ্যে এমন কিছু দালালি শক্তি রয়েছে যারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি থেকে বিচ্যুত করে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।”
বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম, যিনি নিজেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বলেন, “প্রায় ২০ বছর হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়টি এখনো একটি পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতো সুবিধা পায়নি। অবকাঠামোগত ঘাটতি, একাডেমিক অনিয়ম, আবাসন সংকট—সব মিলিয়ে শিক্ষার্থীরা প্রতিনিয়ত মানসিক ও শারীরিকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।”
বিশ্ববিদ্যালয়ে আবাসনের অভাবের বিষয়ে তিনি বলেন, “এখানে হল না থাকার কারণে শিক্ষার্থীদের মেসে থাকতে হয়। এসব মেসের মালিকরা শিক্ষার্থীদের সঙ্গে যেভাবে অবজ্ঞাসূচক আচরণ করে, তা এক ধরনের মানসিক ট্রমার জন্ম দেয়। একটি শিক্ষার্থীর জন্য এটি শুধু অনাকাঙ্ক্ষিত নয়, বরং মারাত্মকভাবে ক্ষতিকর।”
তিনি আরও যোগ করেন, “শিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি খাতকে যেভাবে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় চালানো হচ্ছে, তা শুধু জগন্নাথ নয়, গোটা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হলে এ সমস্যাগুলোর স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।”
জাহিদুল ইসলাম সরকারের কাছে অবকাঠামো উন্নয়ন, আবাসন সমস্যা সমাধান ও প্রশাসনিক স্বচ্ছতার দাবি জানান, যাতে শিক্ষার্থীরা একটি নিরাপদ ও সম্মানজনক শিক্ষাজীবন লাভ করতে পারে।