আওয়ামী লীগকে কচু পাতার পানির মতো ভাবা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, “এই দলটি শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত
হলেও এর ভিত্তি গড়েছেন মওলানা ভাসানী এবং লালন-পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের স্বাধীনতা এনে দেওয়া দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেওয়ার একমাত্র অধিকার জনগণের।”
রোববার (১১ মে) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইল এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “কোনো দলকে কেবল নিষিদ্ধ ঘোষণা করলেই সেটি বিলুপ্ত হয়ে যায় না। একটি রাজনৈতিক দলের প্রকৃত শক্তি জনগণের সমর্থন। জনগণ মুখ ফিরিয়ে নিলে দল টিকবে না, কিন্তু যদি জনগণ সমর্থন দিয়ে যায়, তবে কেউ চাইলেই সেই দলকে থামাতে পারবে না।”
আওয়ামী লীগের ভুল-ভ্রান্তি ও অন্যায় কর্মকাণ্ডের প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “দল হিসেবে কোনো অন্যায় হয়ে থাকলে আইন অনুযায়ী তদন্ত ও বিচার হতে হবে। কিন্তু কোনো পরিষদ বা ব্যক্তি বিশেষ সিদ্ধান্ত দিলেই সেটা চূড়ান্ত ধরে নেওয়া উচিত নয়। বিচার হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে।”
আলোচনায় আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা বীর প্রতীক আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এসএম নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক মো. সাবলসহ স্থানীয় নেতৃবৃন্দ।