বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই কথা জানান।
তিনি বলেন, ১৬৬টি প্রশ্নমালার যে স্প্রেডশিট দেয়া হয়েছে, তার মধ্যে ১৪০ টিতে তারা একমত পোষণ করেছে। ১০টিতে একমত নয় এবং ১৫ টিতে আংশিক এবং ১ টিতে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করেন তারা।
নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের দিকে গুরুত্ব দেয়া হয়েছে, যা ১০ মাসের মধ্যে করা সম্ভব বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব।
এর আগে সকাল সাড়ে ৯টায় খেলাফত মজলিশের প্রতিনিধি দলের সঙ্গে শুরু হয় সংলাপ। সংলাপে নেতৃত্ব দেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এবং খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের। পরে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে যোগ দেয় লেবার পার্টি।
সংস্কার কার্যক্রমে ঐকমত্য তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয় গত বৃহস্পতিবার (২০ মার্চ)। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপে বসে।